Monday, 1 January 2018

বাপু

বাপু

বাজারে গেছি.....দেখি পাশের ফ্ল্যাটের দত্ত বাবুও বাজার করছেন!

-কি দাদা? আজ কি নিচ্ছেন?

-আর বলেন কেন? শালারা বাজার দর কোথায় তুলে রেখেছে! একটা ফলে হাত দেওয়ার উপায় নেই! হিমসাগর ২৫ টাকা কিলো! তালশাঁস ১০ টাকায় ৪টে মাত্র! জামাই ষষ্ঠী র গুষ্ঠি র পিন্ডি!

বুঝলাম মেজাজ আগুন! নরম করে শুধালাম - আহা দত্তদা! আজকের দিনেই তো বেচারাদের একটু রোজগারের সু্যোগ!

-তাতে আমার কি? খেঁকিয়ে উঠলেন বুক চেপে! হার্টের পেশেন্ট তো! ওদের রোজগার কি আমরা বাতলে দেব! সরকার আমাদের মাইনে তো একজায়গায় বেঁধে রেখেছ!

- তা সরকার সাহেবা যদি বেতন বাড়াতেন তাহলে কি নিতেন এত দাম দিয়ে দরাদরি না করে??

- ভেবে দেখতুম! তা তুমি কি নেবে?

- ওই আম! ২৫ টাকা কেজি!

- ভাল! বাজার তো করতে শেখনি! এখনকার ছেলে পিলে সব! দরাদরি ও করতে শেখনি! বলে হন হন করে বেড়িয়ে পাশের কোল্ড ড্রিংক্সের দোকানে অর্ডার করলেন ২ লিটার ফ্যান্টা!

- কত দাদা!

-আজ্ঞে ১০০ দেবেন দাদা!

- অ! এই নাও! কড় কড়ে ১০০ টাকার নোট দিয়ে সব জিনিষ নিয়ে আয়েস করে টোটোতে উঠে পাড়ি জমালেন তিন মিনিটের হাঁটা পথ! আমি আড় চোখে তাকিয়ে দেখলাম আমওয়ালার কপালে বিন্দু বিন্দু জমছে পরিশ্রমের ঘাম!

- ও দাদা! এক কিলো আম দেখি!

- মিষ্টি আছে বাবু নিয়ে যান!

- ঠিক আছে কত?

- আজ্ঞে ২৫ টাকা কিলো!

- ২ কিলো দাও!

প্যাক করে দিতে যাবে আচমকা আরেকজন পাশ থেকে ঠেলে সরিয়ে আম বাছতে বাছতে বলে- আরে রামু! ছেলে কি হল মাধ্যমিকে এবার!

আমার ততক্ষণে ১০০ টাকার নোট দেওয়া হয়ে গেছে! শুনতে পেলাম রামু বলছে

-আজ্ঞে ৫৬০ পেয়েছে গো বৌদি! ভাবতিছি আর পড়াতি পারবনা! বাজারের কাজে লাগাই দিব!

চুপচাপ খুচরো না নিয়ে চলে এলাম! পকেটে আরো ৩টে ১০০ টাকার নোট যেন জ্বলছে!

একটা বের করে বাপুর ছবির দিকে নিজের মনে বলে উঠলাম

-বাপু হে! সত্য পথে থেকেও তোমার দাম একেক জায়গায় একেক রকম! তুমি তো বল পরিশ্রমের বিকল্প নাই! তাহলে রামু পরিশ্রম শেষেও কেন ছেলেকে মানুষ করতে পারছে না! বাপু! মানুষ তৈরীর কারখানাই গড়েছ! কিন্তু তোমাকে নিয়ে এই নোংরা খেলা বন্ধ করতে পারলেনা!

পিছন থেকে ফল ওয়ালা তখন তারস্বরে চেঁচিয়ে যাচ্ছে- ও দাদাবাবু আপনার খুচরো!নিয়ে যান! বাকি আছে তো!

পিছন ফিরে বললাম - ছেলেকে মানুষ করো! খুচরো দেওয়ার জন্য একদিন দুনিয়া তোমার কাছে আসবে!

ফলওয়ালা আস্তে হাত নামিয়ে নিল! চোখের কোনে তখন জল চিক চিক করছে! সেটা আনন্দের না দুঃখের ঠিক বুঝলাম না!!!

অরিন্দম © নবপল্লী

No comments:

Post a Comment

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন  প্রত্যাশা মতই ভোটের চিঠি টা হাতে পেয়েই বিরক্তিতে ভুরু দুটো কুঁচকে গেছিলো। জানতাম আসবেই, এ এমন প্রেম! কি...