Monday, 1 January 2018

ফেল

ফেল💜

স্কুল থেকে ফিরে ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিতেই ব্যাপারটা নজরে এল! আজ বাড়িটা অস্বস্তিকর চুপচাপ! প্রতিদিনকার অভ্যস্ত বাপি ডাকটাও নেই! বউ টাও কোথায় যেন! বুকটা ধড়াস করে উঠল! কারুর কিছু হল নাকি? গলা চড়িয়ে ডাক ছাড়লাম- পুপলি! কোথায় গেলি মা? নিজের গলার প্রতিধ্বনিতে নিজেই চমকে গেলাম! শূন্য পূরী! কেউ নেই! আমি মরিয়া হয়ে বউকে ফোন করলাম! আওয়াজ শোয়ার ঘর থেকে এল! যাহ্‌! বউ ফোন নিয়ে যায় নি! ধপ করে বসে পড়লাম খাটে! গেল কোথায় সব!

কি হল? ষাঁড়ের মত চেঁচাচ্ছ কেন? বউ এর চিৎকারে সম্বিৎ ফেরে! কিরকম যেন রাগ হয়! আমাকে টেনশন দিয়ে গলা দেখ একবার! রাগ চেপে বললাম কোথায় গিয়েছিলে সোনা! উত্তর আসল যমের দক্ষিণ দুয়ার!

আমি বলি তা তুমি কি যমের ও অরুচি? বউ এর মেজাজ তখন সপ্তমে! বলি কি পেয়েছ! বাপের বাড়ি চলে যাব এবার! যাবই! থাক পড়ে সংসার! আর ওই হারামজাদি আমার জীবন ধ্বংস করে দিল! আমি থামিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম কি হয়েছে?

বউ এর চোখে জল! তোমার মেয়ের পড়াশুনার দিকে খেয়াল রেখেছ কোনদিন? কত করে বললাম অমল স্যারের কোচিং এ ভর্তি করে দাও! শোনোনি! আজ তোমার গুণবতী মেয়ে অঙ্কে ফেল করেছে! সব সাব্জেক্টে ভাল নম্বর! আর অঙ্কে মাত্র বাইশ!

জিজ্ঞাসা করি মেয়ে কোথায়!

কোথায় আবার! ছাদে সেই বিকেলে গেছে! এখনো নামেনি হতচ্ছাড়ি!

বুকটা আবার ধড়াস করে উঠল! তুমি গিয়ে খোঁজ নাওনি! আর সোজা ছুটলাম ছাদে! এক কোণে মেয়ে দেখি চুপ করে বসে আছে! রাস্তার নিয়ন আলোতে গালে শুকিয়ে যাওয়া জলের দাগ চিকচিক করছে! আমি ডাকলাম কাছে আয় মা! অভিমান তখন বাঁধ ভাঙল! দৌড়ে এসে বুকে ঝাপিয়ে পড়ল আমার কন্যা! বাপি তুমি ও মার আমাকে! আমি তোমার যোগ্য মেয়ে নই! মেয়েকে শান্ত রাখা দায়! নদীর মত ছোট্ট শরীর টা ফুলে ফুলে উঠছে! আরো বুকের ভিতর জড়িয়ে ধরলাম তাকে! কি হয়েছে মা বল! ফেল করলি কেন অংকে!

বাপি আমি টুকলি করেছি অংকে! অনেক কাগজ নিয়ে গেছিলাম পরীক্ষায়!

আমি হতভম্ব! বাক্যহারা! বলেকি! আমার মেয়ে! তাও টুকলি! আমি বললাম কি বলছিস তুই! মেয়ে বলে চলে - বাপি তুমি জাননা! সেদিন পরীক্ষায় আমার পাশে যে বন্ধুটি বসে পরীক্ষা দিয়েছিল তার সেদিনই পিতৃবিয়োগ হয়! কিচ্ছু লিখতে পারছিল না! কাঁদছিল! বাপি আমি কাদলে তুমি এসে সামলাও! ওর তো কেউ নেই! আমি ওকে সব অঙ্ক বলে দিয়েছি! আর নিজের জন্য কিছু সময় বাঁচেনি! আমার তো বাপি আছে! ওর তো নেই! বাড়ি ফিরেই তো তোমার বুকে ঝাঁপিয়ে পড়ব! কিন্তু ও তো খুঁজে বেড়াবে!

আমি বলি পাগলি টুকলি করতে পারলি না? আর যাই হোক ফেল তো হত না! কে বলল বাপি আমি ফেল করেছি? ছোট্ট দুটি হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরল মেয়ে! আমার তো তুমি আছ বাপি! আমি তো এখানেই জিতলাম! আর টুকলি??? তোমার মেয়ে হয়ে এ কাজ আমি করব? না বাপি! আমি পারব না! সৎপথে চলা তো তোমার কাছেই শেখা বাপি!

গলায় কি কিছু ঢুকল আমার? গলা ধরে আসছে কেন? একটা যন্ত্রনা পাকস্থলী বেয়ে গলা দিয়ে উঠে আসছে যেন! মেয়ে কে জড়িয়ে ধরে নক্ষত্রখচিত আকাশের তলায় দাঁড়িয়ে রইলাম! অনেক দূরে সত্য মিথ্যার সীমানা ছাড়িয়ে আকাশের এক কোণায় ধ্রুবতারা জ্বল জ্বল করে উঠল দুটি প্রাণীর অশ্রুজলে!

অরিন্দম@নবপল্লী♥

No comments:

Post a Comment

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন  প্রত্যাশা মতই ভোটের চিঠি টা হাতে পেয়েই বিরক্তিতে ভুরু দুটো কুঁচকে গেছিলো। জানতাম আসবেই, এ এমন প্রেম! কি...